Tuesday, September 25, 2012

অপ্রাসঙ্গিক

সোফাটায় শুয়ে শুয়ে ভেবেছি -এটা খাটের মতো  নয় ,
তুমি হঠাত চলে এলে জায়গা হবে না একটুও I 
আমারই শরীরের কোনো অপভ্রংস ফেলে রেখে আমি 
শুয়ে  থাকব,আর ভাববো  -এইবার তোমার জায়গাটা ঠিক হয়ে যাবে I 
 
খোলা জানলা দিয়ে রাতজাগা পাখিগুলো চলে যায় এক এক করে ,
কেমন যেন ব্যঙ্গ করে যায় আমায় দেখে I 
কারণটা বুঝতে পারিনা I 
বেশ মনে পরে 
তোমার ঘরের বিছানাটাও খুব একটা বড় ছিল না I   

Monday, September 3, 2012

বুঝতে পারি বেঁচে আছি

যারা আমার ঘুম ভাঙাতে চেয়েছিল
তারা জানত না কালঘুম কাকে বলে I
যারা জীবনে  অপ্রাচুর্যের ভয় দেখিয়েছিল
তারা জানত না প্রাচুর্য আমার সহ্য হয় না একেবারেই I

শুধু ঘড়ির কাঁটার দিকে তাকালে বুঝতে পারি
বেঁচে আছি ,ওরই মতো  একটার পর একটা বিন্দু পেরিয়ে যাই ,
ঘড়ির তাতে কিছু যায় আসে না ,শুধু  সময়টা এগিয়ে যায় I 
আমিও বেঁচে থাকি , আশেপাশের লোকজনের কারুর বিরক্তি হয় খুব ,
ভালোলাগে ২-১ জনের ,কারুরই অনুভুতি বুঝতে পারি না I
শুধু ঘড়ির কাঁটার দিকে তাকালে বুঝতে পারি বেঁচে আছি I

রাত্রিকালীন

এখন সবকিছু উল্টে পাল্টে যাওয়ার পর,
এতকিছু চক্রান্ত আর নিঃস্সঙ্গতা সহ্য করার পর ,
মাঝে মাঝে মনে হয়
তোমাকে ফিরে পেলে ভালো হত I
 
আমার কথার মানে যারা বোঝে না
তাদের ভিড় জমে আছে ,
যদিও তুমিও খুব একটা বুঝতে না ,তবে ভালবাসতে খুব I
আজ খোলা জানালায় নারকেলের পাতার ফাঁক দিয়ে চাঁদ দেখি ,
পাতাগুলো আমার নিরুপায় হাতের মতো
চাঁদকে ছুঁতে পারেনা একটুও I
 
তবু তার পাতার ফাঁক দিয়ে
চাঁদের সৌন্দর্য লুটে নিয়ে যায় নেড়ি কুকুরের দল,
এতকিছু বলেও আমি নিরুপায় I
এতকিছু ভাবার পরেও 
শুধু জানলাটা বন্ধ করে দেওয়া ছাড়া 
আমার আর কিছু  করার নেই I